নওগাঁয় হেরোইন মামলায় হারুন ও টুয়েলের যাবজ্জীবন

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মো. হারুন ও টুয়েল নামে দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁয় হেরোইন মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড!
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন।

নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন, হারুন আদালতে, টুয়েল পলাতক

রায় ঘোষণার সময় হারুন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি টুয়েল পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হারুন নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে। টুয়েল সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছেন। পরে নিয়ামতপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কুরবানির ঈদ সামনে, নওগাঁর পশুর হাটে সরবরাহ বেশি হলেও ক্রেতা কম

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তাঁদের ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত হারুনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। টুয়েল পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির বলেন, মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুবায়ের বলেন, আসামি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন—এমন তথ্য-প্রমাণ না পাওয়া সত্ত্বেও আদালত রায় দিয়েছেন।