ব্যবসার নামে ১৫ লাখ টাকা আত্মসাৎ

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বিনিয়োগের নামে ১৫ লাখ টাকা আত্মসাৎ, রাজশাহীতে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে রেস্টুরেন্ট ব্যবসার নামে ১৫ লাখ টাকা আত্মসাৎ অভিযোগে এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্তরা রেস্টুরেন্ট ব্যবসা সম্প্রসারণের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করতেন।
তারা নতুন রেস্টুরেন্ট চালু, জায়গা ভাড়া নেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নাম করে ধাপে ধাপে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন।
প্রথমদিকে কিছু বিশ্বাসযোগ্য পরিকল্পনা দেখালেও পরবর্তীতে তারা অর্থ ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগী ডা. মোঃ সামিউল ইসলাম সজীব রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
মামলার ভিত্তিতে গত ২৮ এপ্রিল বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে জান্নাত নিতু (২৩) ও তার স্বামী শেখ মারুফ আহমেদ (২৩)-কে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে একটি ল্যাপটপ এবং একটি DSLR ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা পরিকল্পিতভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিলেন।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ব্যবসার নামে ১৫ লাখ টাকা আত্মসাৎ হিসাব চাইতেই টালবাহানা ও যোগাযোগ বন্ধের অভিযোগ।

গ্রেপ্তারকৃত নূরে জান্নাত নিতু নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আবুল কালাম আজাদের মেয়ে এবং তার স্বামী শেখ মারুফ আহমেদ।
তারা দুজনই রাজশাহীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
তারা নগরীর বোয়ালিয়া এলাকার মোন্নাফের মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৫ লাখ টাকা গ্রহণ করা হয়।
পরবর্তীতে হিসাব চাইলে অভিযুক্তরা বিভিন্ন টালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে।
এমনকি ভুক্তভোগীকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মতিহার থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
স্থানীয়রা বলছেন, বিনিয়োগের নামে প্রতারণার এমন ঘটনা বাড়ছে, তাই সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
বিশেষ করে অচেনা বা যাচাইবিহীন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

By Borsha