মান্দায় জ্বালানি তেল বিক্রি, তিনবোন ট্রেডার্সের কার্যক্রম বন্ধের নির্দেশ

বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেই, বন্ধ মেসার্স তিনবোন ট্রেডার্স

 

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই  নওগাঁর মান্দায় জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স তিনবোন ট্রেডার্সের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটি উপজেলার জোতবাজার ত্রিমোহনী এলাকায় অবস্থিত। এর স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনাপত্তি সনদ ছাড়াই ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির পাশাপাশি পাইকারি ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে।

মান্দায় জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ, লাইসেন্স পেলে আবার ব্যবসা চালুর সুযোগ, জানালেন ইউএনও

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, দোকানপাট, পোস্ট অফিস ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া সেখানে জ্বালানি তেল বিক্রি করায় যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া গত ২১ ও ২২ জুলাই গভীর রাত পর্যন্ত কনটেইনার ও বোতলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এসব অভিযোগ তুলে মান্দা উপজেলার নুরুল্লাবাদ এলাকার বাসিন্দা মো. সোহেল রানা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, নওগাঁর জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

মান্দার জোতবাজার ত্রিমোহনী এলাকায় জ্বালানি তেলের প্রতিষ্ঠান

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনকে। পরে গত ৯ নভেম্বর ইউএনও মোসা. আতিয়া খাতুন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ১২ নভেম্বর বেলা ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিন ও অভিযোগকারী মো. সোহেল রানাকে নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি উঠে আসে। বিশেষ করে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় অন্যান্য অনুমোদনও প্রতিষ্ঠানটির নেই বলে জানান ইউএনও।

প্রতিষ্ঠানটির মালিক মো. আলমাছ উদ্দিন বলেন, বিস্ফোরক লাইসেন্স না থাকায় প্রশাসন তাঁকে মৌখিকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী আপাতত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। লাইসেন্স পেলে আবার চালু করা হবে।

আরও পড়ুন

বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত

বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এতদিন কীভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিএসটিআইয়ের অনুমোদন ছিল। মূলত এসব অনুমোদনের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি চালু রেখেছিলেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে এবং উভয়পক্ষের শুনানি নেওয়া হয়েছে। শুনানিতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। বিশেষ করে বিস্ফোরকসহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্সও তাদের নেই।

তিনি আরও বলেন, শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স পাওয়ার পর প্রতিষ্ঠানটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।

ইউএনও জানান, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই লিখিত আদেশ বা চিঠি দেওয়া হবে।

মান্দায় জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশের ফলে মেসার্স তিনবোন ট্রেডার্সের ব্যবসায়িক কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার সুযোগ পাবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।