নওগাঁয় চালের দাম বৃদ্ধিRed and White Dynamic Forest Fires Breaking News Instagram Post - 1

“নওগাঁয় ভরা বোরো মৌসুমেও কমেনি চালের দাম, উল্টো বেড়েছে বাজারে”

নওগাঁ জেলা দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম বৃহৎ ধান ও চাল উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।
প্রতিবছর বোরো মৌসুমে এই জেলার কৃষকেরা বিপুল পরিমাণ ধান উৎপাদন করেন, যা দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে জেলায় পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন জমি থেকে ধান কেটে ঘরে তুলতে।
ইতোমধ্যে জেলার বেশিরভাগ এলাকার ধান কাটা শেষ হয়েছে এবং স্থানীয় হাট-বাজারেও পর্যাপ্ত ধানের সরবরাহ দেখা যাচ্ছে।
সাধারণত বোরো মৌসুমে নতুন ধান বাজারে আসার কারণে চালের দাম কিছুটা কমে যায়।
এতে সাধারণ ভোক্তারা স্বস্তি পান। তবে এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। বাজারে ধানের সরবরাহ স্বাভাবিক থাকলেও নওগাঁর খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমার পরিবর্তে উল্টো বেড়েছে।
নওগাঁ শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকায়।
এক সপ্তাহ আগেও এই চালের দাম ছিল ৪৫ থেকে ৪৬ টাকা। পুরাতন কাটারি (শটেজ) চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৭২ টাকা।

নওগাঁয় চালের দাম বৃদ্ধি সরবরাহ কম থাকার দাবি ব্যবসায়ীদের।

এছাড়া পুরাতন কাটারি (হাতছাঁটি) চাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬৮ টাকা।
তবে জিরাশাইল চালের দাম অপরিবর্তিত রয়েছে এবং এটি ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ক্রেতা ইকবাল হোসেন বলেন, সীমিত আয়ের মানুষের জন্য বাজার সামলানো কঠিন হয়ে পড়ছে।
একটি বেসরকারি চাকরির বেতন দিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
আরেক ক্রেতা মানিকের অভিযোগ, ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা প্রশাসনের তদন্ত করা উচিত।
পৌর ক্ষুদ্র চাল বাজারের ব্যবসায়ী উত্তম সরকার জানান, পাইকারি বাজারে বেশি দামে চাল কিনতে হচ্ছে।
পাশাপাশি নতুন চালের সরবরাহ এখনও পর্যাপ্ত না হওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় বাজারে ধানের দাম বেড়েছে, যার প্রভাব চালের বাজারেও পড়েছে।
সব মিলিয়ে, বোরো মৌসুমের ভরা সময়েও নওগাঁয় চালের দাম বৃদ্ধি ভোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে।

By Borsha