নওগাঁর বদলগাছীতে ফুলেল ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায় পেলেন প্রধান শিক্ষক

নওগাঁয় প্রধান শিক্ষকের ব্যতিক্রমী  বিদায় ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যতিক্রমী ও আবেগঘন পরিবেশে বিদায় জানানো হলো সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডলকে।

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় দেওয়ার এই দৃশ্য স্থানীয়দের হৃদয় ছুঁয়ে যায়।

মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরু থেকেই পুরো ক্যাম্পাসে ছিল আবেগঘন পরিবেশ।

বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়ি ধীরে ধীরে প্রবেশ করলে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও স্থানীয়রা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ফুল ছুঁড়ে বিদায়ী প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানান।

অনেকের চোখে জল দেখা যায়, কেউ কেউ স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো পরিবেশে যেন একটি অধ্যায়ের সমাপ্তির অনুভূতি ফুটে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রোস্তম আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় প্রধান শিক্ষকের বিদায়

নওগাঁয় প্রধান শিক্ষকের বিদায়  | ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী সংবর্ধনা

বিদায়ী বক্তব্যে অসীম কুমার মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই বিদ্যালয়ে কাটানো সময় তার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়।

সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন বলে জানান।

অভিভাবক মোহাম্মদ মকুল হোসেন বলেন, বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডলের অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি একজন অভিভাবকের মতো প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন।

সাবেক শিক্ষার্থী বুলবুল আহমেদ বলেন, তিনি শুধু শিক্ষক নন, বরং জীবনের পথপ্রদর্শক ছিলেন।

প্রজন্মের পর প্রজন্ম তাকে শিক্ষক হিসেবে পেয়েছে, যা সৌভাগ্যের বিষয়।

সহকারী শিক্ষক অদিতি সীল বলেন, তার বিদায়ে বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব বলেন, অসীম কুমার মণ্ডল ছিলেন একজন দায়িত্বশীল, শিক্ষার্থীপ্রেমী এবং কর্মবান্ধব প্রধান শিক্ষক।

অনুষ্ঠান শেষে ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে তার বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

গাড়িটি ধীরে ধীরে দূরে সরে গেলে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে হাত নেড়ে প্রিয় শিক্ষককে শেষবারের মতো বিদায় জানান।

SEE MORE>>>