গুরুদাসপুরে স্ত্রী-শাশুড়িকে মারধরের অভিযোগ

গুরুদাসপুরে স্ত্রী-শাশুড়িকে মারধরের অভিযোগ, শ্যালিকাকে কুপ্রস্তাবের দাবি

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী-শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। একই ঘটনায় ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি তার শ্যালিকাকে কুপ্রস্তাবও দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গুরুদাসপুর থানায় স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনও করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গুরুদাসপুরে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

গুরুদাসপুরে স্ত্রী-শাশুড়িকে মারধরের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিউলি রানী দাস (৩০) অভিযোগ করেন, তার স্বামী দুলাল দাস, শাশুড়ি শংকরি রানী দাস ও ননদ বুনু দাস দীর্ঘদিন ধরে বাবার বাড়ির সম্পত্তির অংশ এনে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করছিলেন। সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে স্বামী প্রায়ই তাকে মারধর ও শারীরিক নির্যাতন করতেন। এসব বিষয় নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ৯ জুলাই থেকে স্বামীর বাড়িতে পাঁচ দিনব্যাপী মনসা পূজার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেন শিউলির বাবা-মা। পূজার শেষ দিন ১৪ জুলাই পারিবারিক আলোচনার সময় তার স্বামী শ্যালিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে শিউলির মা সন্ধ্যা রানী দাস প্রতিবাদ করলে তাকে থাপ্পড় মারা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে প্রতিবাদ করতে গেলে দুলাল দাস কাঠের বাটাম দিয়ে স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে এলোপাতাড়ি মারধর করেন। এমনকি পরিবারের একটি ছোট শিশুও ওই ঘটনার শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ভুক্তভোগী শিউলি রানী দাস গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বুধবার দুপুরে গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত দুলাল দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি