নওগাঁর পত্নীতলায় পত্নীতলায় ধানে বিষ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় বর্গা জমির ধানে বিষ ছিটিয়ে নষ্টের অভিযোগ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর পত্নীতলায় ধানে বিষ প্রয়োগ করে প্রায় ২ একর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক মো. সোহেল রানা রানুর (৪৬) দাবি, জমিতে স্প্রে মেশিন দিয়ে বিষ ছিটিয়ে তাঁর রোপণ করা ধান নষ্ট করা হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝলকাহার গ্রামের বাসিন্দা সোহেল রানা রানু তাঁর নানাশ্বশুর মো. নুরুল আমিন ও নানীশাশুড়ি রাবেয়া খাতুনের কাছ থেকে কৃষ্ণপুর ইউনিয়নের চকগৌরী মৌজায় ২ একর ৯ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।

বর্গা জমির ধান নষ্টের অভিযোগ করা কৃষক সোহেল রানা রানু

পত্নীতলায় ধানে বিষ প্রয়োগ করে ধান নষ্টের অভিযোগে থানায় কৃষকের লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ

সোহেলের অভিযোগ, পাশাপাশি বাড়ির বাসিন্দা আবু মুসা (৩৮), মো. আবদুর রশিদ (৫৫), মো. আইয়ুব আলী (৪৩), মো. বাবলু (৪৫), মো. তারিকুল ইসলাম (২৬) ও মো. সাঈদ (১৮) বিভিন্ন সময়ে ওই জমি নিজেদের বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে তাঁরা জমি জবরদখলের চেষ্টা ও হুমকি-ধমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বিষ ও স্প্রে মেশিন নিয়ে বর্গাচাষ করা জমিতে প্রবেশ করেন। পরে তাঁদের একজনের নির্দেশে অন্যরা জমিতে রোপণ করা ধানে বিষ ছিটিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

নওগাঁর পোরশায় রিং জাল বসানো নিয়ে সংঘর্ষে নিহত সেলিম

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

পরে জমিতে গিয়ে ধানের গাছ মরে ও পুড়ে যাওয়ার মতো অবস্থায় দেখতে পান বলে জানান ভুক্তভোগী। স্থানীয় কয়েকজন কৃষকের ভাষ্য, ধানে বিষ প্রয়োগের কারণেই গাছগুলো নষ্ট হয়ে গেছে।

সোহেল রানা জানান, ফসল নষ্ট হওয়ায় তাঁর প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা করেও কোনো সমাধান না পাওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্গা নেওয়া জমির ফসল নষ্টের অভিযোগে কৃষক সোহেল রানা রানু আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।