পত্নীতলায় আবাসন উদ্যোগ, আন্তর্জাতিক পুরস্কার

নওগাঁর পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগে ইউএন-হ্যাবিটাটের পুরস্কার

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর পত্নীতলায় আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। উপজেলার জামালপুর গ্রামের ভূমিহীন মানুষের জন্য সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা আবাসন প্রকল্পটি জাতিসংঘের মানববসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিটাটের ‘কালেকটিভ হাউজিং অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। নিজস্ব সঞ্চয়, যৌথ উদ্যোগ ও অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে ৪৯টি ভূমিহীন পরিবারের আবাসন নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

গত রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।

ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিত করতে পত্নীতলায় গড়ে ওঠা কমিউনিটি উদ্যোগ

পত্নীতলায় আবাসন উদ্যোগ, বিশ্বমঞ্চে নওগাঁর স্বীকৃতি

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গড়ে ওঠা এই উদ্যোগের গল্প পুরস্কারের জন্য জমা দেওয়া হয় প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (পিওসিএএ)-এর মাধ্যমে। পিওসিএএর তথ্য অনুযায়ী, ‘কালেকটিভ ইনিশিয়েটিভস অব দ্য কমিউনিটি’ বিভাগে উদ্যোগটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

পুরস্কার হিসেবে স্বীকৃতিপত্র, স্মারক ক্রেস্ট ও ৩০০ ডলার দেওয়া হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পক্ষে পিওসিএএর প্রতিনিধি স্থপতি ফারিবা ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন।

আরও পড়ুন

আইফোনের জনপ্রিয়তার রহস্য, সুবিধা-অসুবিধা ও যেসব কারণে এত চাহিদা

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের ভূমিহীন মানুষের আবাসন সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে এ উদ্যোগ নেওয়া হয়। ভূমির অধিকার প্রতিষ্ঠা, নিজেদের সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খাসজমিতে ঘর নির্মাণ করেন ৪৯টি ভূমিহীন পরিবার।

স্থানীয় মানুষের নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠা এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর আবাসনের ব্যবস্থা হয়েছে। একই সঙ্গে নিজেদের সম্পদ ও সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে কীভাবে একটি জনগোষ্ঠী দীর্ঘদিনের সংকট মোকাবিলা করতে পারে, তারও দৃষ্টান্ত তৈরি হয়েছে।