নওগাঁর বদলগাছীতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশের তদন্ত

নেশার টাকা নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ, প্রাণ গেল শাপলা রানীর?

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে গৃহবধূর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায় তাঁর সাত বছর বয়সী ছেলে। পরে স্বামী রশি কেটে তাঁকে নিচে নামান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামীর নির্যাতনের অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তাঁর স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে।

বদলগাছীতে গৃহবধূর মৃত্যু,সাত বছরের ছেলের চিৎকারে জানাজানি, বাড়ির আঙিনায় মিলল মায়ের মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মিঠন পাহানের সঙ্গে শাপলা রানীর বিয়ে হয়। তাঁদের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর শুরুতে দুজনই কাজ করে সংসার চালাতেন। তবে গত দেড় বছর ধরে মিঠন নেশায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের। তিনি নিজেও চোলাই মদ তৈরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নেশায় জড়িয়ে পড়ার পর মিঠন কাজকর্ম ছেড়ে দেন। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সংসারের খরচ ও নেশার বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নওগাঁর বদলগাছীতে শাপলা রানীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

ঘটনার দিনও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, নেশা করার জন্য স্ত্রী শাপলার কাছে ১৫০ টাকা চান মিঠন। তবে শাপলা টাকা দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে মিঠন স্ত্রীকে ঘরে ঢুকতে দেননি বলে জানা গেছে। পরে শাপলা বাড়ির বাইরে চলে যান। এর কিছুক্ষণ পরই ঘটে মর্মান্তিক ঘটনা।

দুপুর সোয়া ২টার দিকে তাঁদের ছেলে অন্তর বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মাকে এমন অবস্থায় দেখে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে মিঠন ছুটে আসেন। পরে তিনি রশি কেটে শাপলাকে নিচে নামান।

আরও পড়ুন

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

এরপর দ্রুত তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

এদিকে শাপলা রানীর মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, স্বামী মিঠন পাহান শাপলাকে নির্যাতন করতেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁরা।

স্বজনদের অভিযোগ, সংসারে আর্থিক সংকট এবং স্বামীর নেশার বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। ঘটনার দিনও টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ।

বদলগাছীতে গৃহবধূর মৃত্যু ঘিরে স্বজনদের অভিযোগের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।