বদলগাছীতে জমি খারিজ বন্ধ থাকায় ভোগান্তিতে কৃষক ও সাধারণ মানুষ

এসি ল্যান্ডের আইডি নেই, থমকে আছে জমির নামজারি কার্যক্রম

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে জমি খারিজ বন্ধ রয়েছে প্রায় দুই মাস ধরে। সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনলাইন আইডি না খোলায় নতুন আবেদন গ্রহণ ও নম্বর প্রদানের কাজ বন্ধ হয়ে আছে। এতে জমি বিক্রি, পারিবারিক প্রয়োজনে জমি হস্তান্তরসহ নানা কাজে বিপাকে পড়েছেন উপজেলার কৃষক ও সাধারণ মানুষ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. শফি উদ্দিন গত ৭ সেপ্টেম্বর অন্যত্র বদলি হন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তাঁর এসি ল্যান্ডের আইডি খোলা হয়নি। ফলে অনলাইনে খারিজের আবেদন গ্রহণ ও নম্বর প্রদানের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

বদলগাছীতে জমি খারিজ বন্ধ, আশ্বাসের পরও চালু হয়নি

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি (তহশিল) অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিনই জমির নামজারির জন্য মানুষ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদনকারীদের নথিপত্র প্রস্তুত করে রাখলেও অনলাইন প্রক্রিয়া শুরু করতে পারছেন না। কারণ, এসি ল্যান্ডের আইডি ছাড়া পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে চাওয়া মানুষ। কেউ চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, কেউ মেয়ের বিয়ের খরচ জোগাতে জমি বিক্রি করতে চান। আবার অনেকের জরুরি আর্থিক প্রয়োজন রয়েছে। কিন্তু নামজারি কার্যক্রম বন্ধ থাকায় তাঁদের এসব কাজ আটকে যাচ্ছে।

বদলগাছীতে এসি ল্যান্ডের আইডি না খোলায় বন্ধ রয়েছে জমির নামজারি কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খারিজ কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষকে বারবার ভূমি অফিসে গিয়ে খোঁজ নিতে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও কাজের অগ্রগতি না হওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা। এতে কৃষক পরিবারগুলোর ওপর আর্থিক চাপও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খারিজ প্রত্যাশী জানান, প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। তখন তিনি দু-তিন দিনের মধ্যে আইডি খুলে কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপরও কার্যক্রম চালু হয়নি।

আরও পড়ুন

নওগাঁর মান্দায় মাদকসেবী চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বরখাস্ত

কোলা, বদলগাছী ও আধাইপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আবু রায়হান মুঠোফোনে বলেন, এসি ল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখনো খারিজ কার্যক্রম শুরু করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে আইডি খোলার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, জমির নামজারি একটি গুরুত্বপূর্ণ ভূমিসেবা। দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকায় একদিকে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারের রাজস্ব আদায়ও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দ্রুত এসি ল্যান্ডের আইডি খুলে অনলাইন খারিজ কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে।