জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নেতা নওগাঁর আবু নাছের মোহাম্মদ নাফিউ

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ, দলের নেতৃত্বে নওগাঁর নাফিউ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতিসংঘের এআই হ্যাকাথন-২০২৬-এ ৩৭ দেশের কয়েকশ দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘জেডএআইবিডি’। নওগাঁর নাফিউর নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বেড়েছে। দলের নেতৃত্বে ছিলেন নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান আবু নাছের মোহাম্মদ নাফিউ। তাঁর এ অর্জনে গর্বিত স্থানীয় বাসিন্দা, সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে আন্তর্জাতিক বিচারকেরা বাংলাদেশের দলকে বিজয়ী ঘোষণা করেন। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য দলটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশের আইন বিশ্লেষণের পাশাপাশি তথ্যের নির্ভুলতা যাচাইয়েও সহায়তা করে।

নওগাঁর বদলগাছীর নাফিউর নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের জেডএআইবিডি দল

 

জাতিসংঘের এআই হ্যাকাথনে বাংলাদেশের জয়, প্রশংসায় সাবেক শিক্ষক

নাফিউ বদলগাছী সদর এলাকার মাস্টারপাড়ার বাসিন্দা শিক্ষক আবুল হোসেনের ছেলে। তিনি বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ২০১০ সালের ব্যাচের শিক্ষার্থী। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এই অর্জনের খবরে আনন্দিত হয়েছেন সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বর্তমানে নাফিউ বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী হিসেবে কাজ করছেন। ‘জেডএআইবিডি’ দলের অন্য সদস্যরা হলেন বিডিরেনের সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। দলটির গবেষণা তত্ত্বাবধানে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নওশিন আমিন শেখ।

‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক প্রতিযোগিতাটির আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণে সহায়ক উন্মুক্ত এআই প্রযুক্তি তৈরি করাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য।

আরও পড়ুন

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

পাঁচ মাস ধরে কয়েক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনের দল। ফাইনালে প্রতিটি দলকে আগে থেকে জানানো হয়নি—এমন একটি দেশ ও নির্দিষ্ট বিষয় নিয়ে সরাসরি পরীক্ষা দিতে হয়। বিচারকেরা প্রতিযোগীদের তৈরি প্ল্যাটফর্ম নিজেরাই ব্যবহার করে এর কার্যকারিতা যাচাই করেন। উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

দলটির দেওয়া তথ্য অনুযায়ী, ‘ক্লজচেইন’ বর্তমানে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও পূর্ব তিমুর—এই ১১ দেশের আইন বিশ্লেষণ করতে পারে। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ভিত্তিতে প্ল্যাটফর্মটিতে ১ লাখ ৫৪ হাজারের বেশি আইনি ধারা প্রক্রিয়াজাত করা হয়েছে। পুরো প্ল্যাটফর্মটি উন্মুক্ত সোর্স প্রযুক্তিতে তৈরি।

নাফিউর শিক্ষাজীবনের সাফল্যও ছিল ধারাবাহিক। বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন উকিল জানান, নাফিউ পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উপজেলা সেরা হয়। পরে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে আবারও উপজেলায় প্রথম স্থান অর্জন করে।

সাবেক এই প্রধান শিক্ষক বলেন, নাফিউ খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। তার আন্তর্জাতিক সাফল্যে শিক্ষক হিসেবে তিনি গর্বিত এবং তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শীর্ষস্থান অর্জন এবং সেই দলের নেতৃত্বে নওগাঁর এক সন্তানের ভূমিকা স্থানীয়ভাবে নতুন গর্বের উপলক্ষ তৈরি করেছে। নাফিউ ও তাঁর দলের এই সাফল্য প্রযুক্তি, গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।