মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতা কার্ড নিয়ে তদন্তের দাবি

মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, ইউপি সদস্যের পরিবার তদন্তের আওতায়?

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সরকারি প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ১০ নম্বর ভীমপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইমরান হোসাইন লজেন, তাঁর স্ত্রী মোছা. রানী আক্তার ও মা মোছা. আকলিমা বেগম। তাঁরা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী নন, অথচ প্রতিবন্ধী ভাতার কার্ড করে দীর্ঘদিন ধরে সরকারি অর্থ উত্তোলন করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি প্রতিবন্ধী ভাতার ডিজিটাল ডাটাবেজ (এমআইএস) ও মাস্টার রোলের তথ্যে ২০২৩-২০২৪ অর্থবছর থেকে সংশ্লিষ্ট তালিকায় ইমরান হোসাইন লজেন, তাঁর স্ত্রী রানী আক্তার ও মা আকলিমা বেগমের নাম রয়েছে। কীভাবে তাঁদের নাম প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হলো এবং কোন প্রক্রিয়ায় তাঁরা এই সুবিধা পেলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

মহাদেবপুরে ইউপি সদস্যের পরিবারের প্রতিবন্ধী ভাতার কার্ড নিয়ে তদন্তের দাবি।

মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, ইউপি সদস্যের বক্তব্যে নতুন প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য নিজে এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড থাকা সত্ত্বেও তাঁদের মধ্যে প্রকৃত প্রতিবন্ধিতা রয়েছে কি না, তা নিয়ে যথাযথ যাচাই হওয়া প্রয়োজন। বিশেষ করে ইমরান হোসাইন লজেন, তাঁর স্ত্রী ও মায়ের প্রতিবন্ধিতার ধরন এবং মাত্রা কীভাবে নির্ধারণ করা হয়েছে, চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, ২০২৩-২০২৪ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত সংশ্লিষ্ট তিনজনের ভাতার আবেদনপত্র, প্রতিবন্ধী পরিচয়পত্র, চিকিৎসাগত সনদ, এমআইএস ডাটাবেজ, অনুমোদনপত্র ও মাস্টার রোল যাচাই করতে হবে। পাশাপাশি ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের নামে কত টাকা উত্তোলন করা হয়েছে, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের মতে, প্রকৃত প্রতিবন্ধী না হয়েও কেউ প্রভাব খাটিয়ে বা অনিয়মের মাধ্যমে সরকারি ভাতার সুবিধা নিয়ে থাকলে তা গুরুতর অনিয়ম। এতে রাষ্ট্রের অর্থের অপব্যবহারের পাশাপাশি প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুধু অভিযোগের ভিত্তিতে নয়, প্রয়োজনীয় নথিপত্র ও চিকিৎসাগত তথ্য যাচাই করে প্রকৃত অবস্থা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের বিধান রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারায় নির্ধারিত প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে অসদাচরণ বা আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুন

পত্নীতলায় আগাছানাশক দিয়ে সোয়া বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

এ বিষয়ে ১০ নম্বর ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ইউপি সদস্য ইমরান হোসেন, তাঁর স্ত্রী ও মায়ের নামে প্রতিবন্ধী ভাতা থাকলে এবং তাঁরা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী না হয়েও ভাতার টাকা উত্তোলন করে থাকলে বিষয়টি অবশ্যই ঠিক নয়। এমন অনিয়মের সত্যতা প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাদেবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউনুল হক বলেন, ‘আমি কিছুদিন আগে মহাদেবপুর উপজেলায় যোগদান করেছি। যোগদানের পর মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতা নিয়ে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যারা প্রকৃত প্রতিবন্ধী নন, তাঁরা যদি ভাতার আওতায় এসে থাকেন, তাহলে তাঁদের ভাতার কার্ড বাতিল করা হবে। ইউপি সদস্য ইমরান হোসেন লজেন, তাঁর স্ত্রী ও মা প্রতিবন্ধী না হয়েও ভাতার টাকা উত্তোলন করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. ইমরান হোসেন লজেন তাঁর স্ত্রী ও মায়ের নামে প্রতিবন্ধী কার্ড থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, তাঁর নিজের নামে দৃষ্টিপ্রতিবন্ধী, স্ত্রীর নামে আঙুলের প্রতিবন্ধী এবং মায়ের নামে পায়ের প্রতিবন্ধী কার্ড করা হয়েছে। তবে এসব প্রতিবন্ধিতার বিষয়টি বাস্তবে সত্য নয়—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইউনিয়নের অনেক সদস্যই এ ধরনের প্রতিবন্ধী কার্ড করেছেন।’ সাংবাদিকের পক্ষ থেকে এমন জালিয়াতি অপরাধ কি না এবং এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যদি আইনের ক্ষমতা থাকে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সরকারি প্রতিবন্ধী ভাতা প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্ধারিত। সেখানে জনপ্রতিনিধি কিংবা তাঁর পরিবারের সদস্যদের অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে তা যাচাই করা জরুরি। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট তিনজনের কার্ড তৈরির প্রক্রিয়া, চিকিৎসাগত সনদ, এমআইএস তথ্য এবং ভাতার অর্থ উত্তোলনের হিসাব তদন্ত করে জনসমক্ষে পরিষ্কার করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি অর্থ ফেরত নেওয়াসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।