নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মূল্য প্রায় ৪০ লাখ টাকা

নওগাঁয় ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। জেলার নিয়ামতপুর উপজেলায় গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

সোমবার (৯ জুন) ভোর পর্যন্ত উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হামেদুল ইসলাম (৩৫) ও মো. রশিদ (৪৪)। তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।

সেই ঘটনার তদন্তের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশ হামেদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে তার দেওয়া তথ্যের সঙ্গে অসঙ্গতি পাওয়া যায়।

পরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

নওগাঁয় ৯০ কেজি গাঁজা উদ্ধার

নওগাঁয় ৯০ কেজি গাঁজা উদ্ধার: কীভাবে মিলল মাদকের সন্ধান

হামেদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত চলা অভিযানে একটি বাড়ি থেকে প্যাকেটজাত অবস্থায় ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

একই সময়ে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস ও ট্রাকের মাধ্যমে গাঁজার চালান এনে ওই বাড়িতে সংরক্ষণ করা হতো।

পরে সেখান থেকে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করা হতো। প্রাথমিক তদন্তে বাড়িটি মাদক সংরক্ষণের গোডাউন হিসেবে ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

পুলিশের ধারণা, এর পেছনে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ রুট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

SEE MORE>>>