আম চাষে নারীদের আয় কমছে

নওগাঁয় আম চাষের বিস্তারে বদলে যাচ্ছে গ্রামীণ বাস্তবতা, নারীদের জীবনে নীরব সংকট

 একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জেন্ডার বিষয়ক আলোচনায় যখন নারীর ক্ষমতায়নের নানা তত্ত্ব, পরিসংখ্যান ও পরিকল্পনা তুলে ধরা হচ্ছিল, তখন বাস্তব জীবনের এক ভিন্ন চিত্র সামনে আনেন নওগাঁর ধামইরহাট থেকে আসা এক গৃহবধূ, তার মতে আম চাষে নারীদের আয় কমছে ।
দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে তিনি সংক্ষেপে বলেন, “আম চাষ আমাদের ফিনিশ করে দিচ্ছে।”
তার এই বক্তব্য যেন নওগাঁ অঞ্চলের কৃষি পরিবর্তনের একটি গভীর বাস্তবতাকে সামনে নিয়ে আসে।
গত কয়েক বছরে নওগাঁ জেলায় বাণিজ্যিকভাবে আম চাষ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এক সময় যেখানে ধান, শাকসবজি ও মিশ্র ফসলের চাষ হতো, সেখানে এখন বিস্তীর্ণ জমি জুড়ে আমবাগান গড়ে উঠছে।
এই পরিবর্তন শুধু কৃষির ধরনই বদলাচ্ছে না, বরং গ্রামীণ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপরও প্রভাব ফেলছে।
ধানভিত্তিক কৃষি ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ছিল বহুমুখী। ধান কাটার পর খড়, তুষ, খুদসহ নানা উপপণ্য গবাদিপশু পালন ও ঘরোয়া কাজে ব্যবহৃত হতো।
এসব সম্পদের ওপর নারীদের একটি স্বাভাবিক নিয়ন্ত্রণ ছিল, যা তাদের পরিবারে অর্থনৈতিক ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াত।

আম চাষে নারীদের আয় কমছে নির্ভরশীল হয়ে পড়ছেন গ্রামীণ নারীরা।

কিন্তু আম চাষে এসব উপপণ্যের অভাব থাকায় নারীদের সেই সুযোগগুলো কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে গ্রামীণ পরিবারের জীবনযাত্রায়।
গরু-ছাগল, হাঁস-মুরগি পালন কমে যাওয়ায় ডিম, দুধের মতো পুষ্টিকর খাবারের সহজলভ্যতা হ্রাস পাচ্ছে।
পাশাপাশি নারীদের নিজস্ব আয়ের উৎস সংকুচিত হওয়ায় তারা ছোটখাটো খরচের ক্ষেত্রেও অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
এছাড়া প্রান্তিক খেতমজুর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরাও কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন।
আমবাগানে শ্রমের চাহিদা তুলনামূলক কম এবং অনেক ক্ষেত্রে নারীদের সেখানে কাজের সুযোগও সীমিত।
ফলে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কৃষির এই একমুখী রূপান্তর দীর্ঘমেয়াদে সামাজিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
তাই কৃষিতে বৈচিত্র্য বজায় রাখা, নারীদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
সব মিলিয়ে, নওগাঁয় আম চাষের প্রসার শুধু অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলছে না, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামীণ নারীদের জীবনের এক নীরব সংকট।
সেই সংকটের সারাংশই উঠে আসে সেই গৃহবধূর সংক্ষিপ্ত কিন্তু গভীর কথায়—আম চাষ নারীদের জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিচ্ছে।

By Borsha