নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু, ৪ হাজার কোটি টাকার বাণিজ্যের আশা ২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু হবে । এই মৌসুমকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে ঝুলছে সবুজ আম, আর চাষি ও ব্যবসায়ীরা এখন অপেক্ষা করছেন নির্ধারিত সময়ের। প্রতি বছর অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে আম সংগ্রহের নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়, যাতে ভোক্তারা নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম পান এবং নওগাঁর আমের সুনাম বজায় থাকে। এবারও সেই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, আমচাষি ও ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। রোববার (১০ মে) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমচাষি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নওগাঁ জেলায় প্রায় ৩০০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। নওগাঁয় আম সংগ্রহ শুরু,৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন আম। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রি হতে পারে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ করলে ফলের গুণগত মান ঠিক থাকবে এবং বাজারে ক্রেতাদের আস্থা আরও বাড়বে। তিনি সতর্ক করে বলেন, অধিক লাভের আশায় কেউ অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আবহাওয়া, অতিরিক্ত তাপমাত্রা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো বাগানে আগাম আম সংগ্রহের প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সভা শেষে জানানো হয়, আগামী ২২ মে থেকে নওগাঁ জেলায় আম সংগ্রহ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালিসহ বিভিন্ন জনপ্রিয় জাতের আম বাজারে আসবে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এবার ফলন ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও নওগাঁর আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। SEE MORE>>> Post navigation মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে সহস্রাধিক মানুষের মানববন্ধন নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার দুর্ঘটনায় দুইজন নিহত