নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আগামী ১৮ জুলাই উদ্বোধন করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

একই দিনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর মাধ্যমে জেলার উচ্চশিক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

প্রথম পর্যায়ে আইন বিভাগ এবং হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ দুটি বিভাগে পাঠদান শুরুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম  শুরু, ১৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান

এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষাসচিব আব্দুল খালেক,

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ,

ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত থাকবেন।

এ ছাড়া নওগাঁ-১ থেকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক,

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিশেষ করে স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, যা উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ এবং শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।