রাজশাহীতে আদালত পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেপ্তার রাজশাহীতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বহুল আলোচিত ওয়ারেন্টভুক্ত আসামিকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেল (৩০) মঙ্গলবার রাজপাড়া থানা পুলিশের অভিযানে আটক হন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া পাভেল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি নিজেকে কথিত সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। একই মামলায় রাজপাড়া এলাকার মো. লালুও (৩৫) অভিযুক্ত ছিলেন। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হলেও পরবর্তীতে তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী হাবিবুর রহমান রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতের পেশকার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১০ আগস্ট তাকে একটি অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বলা হয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ভিডিও রয়েছে। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার এবং অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান এরপর ১৭ আগস্ট রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ গেট এলাকায় ডেকে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণনাশের ভয়ে তিনি সেদিন ২৫ হাজার টাকা দিতে বাধ্য হন। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে আবারও তার কাছে টাকা দাবি করা হয় এবং তিনি আরও ৩ হাজার টাকা প্রদান করেন। সর্বশেষ ২৯ অক্টোবর আদালত কক্ষের ভেতরে তাকে পুনরায় চাপ প্রয়োগ করে টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পেশকার রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর পুলিশ দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা (মামলা নং-২৪) রুজু করে তদন্ত শুরু করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চাঁদাবাজি ও হুমকির সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। SEE MORE>>> Post navigation রাজশাহীতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, অ্যালকোহলজনিত বিষক্রিয়ার সন্দেহ রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগ সংশ্লিষ্ট সন্দেহে শিক্ষার্থী আটক, ক্যাম্পাসে চাঞ্চল্য