রাণীনগরে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচালেন যুবক, হাত ভেঙে হাসপাতালে ভর্তি নওগাঁর রাণীনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেতে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামের এক যুবক।Thank you for reading this post, don't forget to subscribe! তবে জীবন বাঁচাতে নেওয়া সেই সাহসী সিদ্ধান্তের ফলে গুরুতর আহত হয়েছেন তিনি। লাফ দেওয়ার সময় সড়কের পাশে আছড়ে পড়ে তার ডান হাত ভেঙে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে। তিনি ঢাকাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে সেদিন রাতেই ঢাকায় কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার বাস ধরার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে নওগাঁগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। জোবায়েরের বড় ভাই নাহিদ মল্লিক জানান, অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর গোনা এছাহক চত্বর এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি হঠাৎ করে জোবায়েরের গলায় ও পেটে ধারালো চাকু ঠেকিয়ে দেন। তারা তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জোবায়ের নিজের কাছে উল্লেখযোগ্য কোনো টাকা নেই বলে জানালে ছিনতাইকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাকে আঘাত করার চেষ্টা করে। চলন্ত সিএনজি থেকে লাফ , গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা, ভেঙে গেছে ডান হাত একপর্যায়ে নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন জোবায়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পর চালকসহ ছিনতাইকারীরা দ্রুত অটোরিকশা নিয়ে নওগাঁর দিকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থেকেও জোবায়ের মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, পড়ে যাওয়ার আঘাতে তার ডান হাত ভেঙে গেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। এ বিষয়ে রাণীনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা নিরাপত্তাহীনতার কথা বলছেন। স্থানীয়রা মহাসড়কে পুলিশি টহল বৃদ্ধি, সন্দেহভাজন যানবাহনের তল্লাশি এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে সড়কে যাত্রী চলাচল বাড়ার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তাই যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। SEE MORE>>> Post navigation নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেপ্তার, দ্রুত বিচার আইনে মামলা বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভার-ইয়াবাসহ আটক ৪, উদ্ধার অস্ত্র