আলিয়া খাতুন সাময়িক বরখাস্ত
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনার পর শিক্ষিকা আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও শিক্ষিকা আলিয়া খাতুনকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) কলেজ পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান এই নির্দেশ দেন।
তিনি জানান, ঘটনার সত্যতা ও দায় নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে বলা হয়েছে।
পরিদর্শন সূত্রে জানা যায়, ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।
তিনি আজকের মধ্যেই প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে একটি ধর্মীয় আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
সেখানে এক পর্যায়ে শিক্ষিকা আলিয়া খাতুন ও উপস্থিত কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, তিনি তর্কের সময় দুইজনকে থাপ্পড় মারেন। পরবর্তীতে মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি কর্মী শাহাদাত আলী কলেজে গিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষিকা আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত ,শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা।

এ সময় পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে শাহাদাত আলী জুতা খুলে শিক্ষিকা আলিয়া খাতুনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এরপর আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাকে লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালায় বলে জানা যায়।
ঘটনাটি ঘিরে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাহাদাত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে পূর্বে থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এদিকে ঘটনার পর কলেজ অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও শিক্ষিকা আলিয়া খাতুন কেউই কলেজে উপস্থিত হননি।
অভিযোগ রয়েছে, অধ্যক্ষের মোবাইল ফোনও ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অন্যদিকে শিক্ষিকা আলিয়া খাতুন জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সব মিলিয়ে দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতাপেটা, পাল্টাপাল্টি অভিযোগ, হামলা ও প্রশাসনিক পদক্ষেপের ঘটনায় Education ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলিয়া খাতুনের সাময়িক বরখাস্ত এখন ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

By Borsha