প্রাণিসম্পদ কর্মকর্তার অর্থ আত্মসাৎ

নওগাঁয় রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসে সীমানা প্রাচীর নির্মাণের বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যবহার না করে নামমাত্র রং-বার্নিশ ও সামান্য সংস্কার কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ (ডা. রিপা রানী) কর্মকর্তার । অভিযোগ ঘিরে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরকারি পরিপত্র অনুযায়ী, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে।

এরপর কোনো অর্থ অবশিষ্ট থাকলে অন্যান্য সংস্কার কাজ করা যাবে।

আর সব কাজ শেষে টাকা অবশিষ্ট থাকলে তা ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা রয়েছে।

তবে অভিযোগ রয়েছে, এই নির্দেশনা অনুসরণ না করে অফিসের সীমানা প্রাচীর নির্মাণই করা হয়নি।

বরং পুরো বরাদ্দের অর্থ রং-বার্নিশ ও আংশিক সংস্কার কাজের পেছনে ব্যয় দেখানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের অংশ এখনো সম্পূর্ণ অরক্ষিত।

সেখানে কোনো সীমানা প্রাচীর নেই, ফলে অফিস ভবন ও মূল্যবান সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সীমানা প্রাচীর না বানিয়ে অফিসে রং ও আংশিক সংস্কার : প্রাণিসম্পদ কর্মকর্তার অর্থ আত্মসাৎ

এছাড়া যে সংস্কারকাজ করা হয়েছে, সেটিও উল্লেখযোগ্য নয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র বলছে, অফিস ভবনে মূলত রংয়ের কাজ করা হয়েছে।

ব্যবহৃত রঙের মধ্যে ছিল ১৮ লিটারের ১০টি ড্রাম, ৪ লিটারের ২০টি গ্যালন এবং ১ লিটারের কয়েকটি কৌটা। বাজারদরের সর্বোচ্চ হিসাব ধরলেও এসব রঙের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকার মতো, যা মোট বরাদ্দের তুলনায় অনেক কম।

এ বিষয়ে ডা. রিপা রানী বলেন, সীমানা প্রাচীর নির্মাণের চেয়ে অফিস ভবনে রং করা ও কিছু সংস্কার করা বেশি জরুরি ছিল।

জেলা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, বরাদ্দকৃত অর্থ দিয়ে পূর্ণাঙ্গ সীমানা প্রাচীর নির্মাণ সম্ভব নয়।

অন্যদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার বলেন, নীতিমালা অনুযায়ী কাজ হয়েছে।

তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, উপজেলা কর্মকর্তার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।