চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুট, মান্দায় আহত ৬

নওগাঁ জেলার মান্দায় চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও লুটপাট করার অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি ঘটে উপজেলার বিলদুবলা গ্রামে । এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আহতরা হলেন— মো. খাদেমুল ইসলাম (৩২), তার স্ত্রী মোছা. সাবিনা (৩০), মোছা. বিউটি (২৩), মোছা. হানিফা (২৫), মো. হাকিম আলী (২৭) ও মো. জহুরুল ইসলাম (৩০)।

তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে।

আহতদের প্রথমে মান্দা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে গুরুতর আহত হাকিম আলীকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. খাদেমুল ইসলামের কাছে কয়েকজন ব্যক্তি ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৪ জুন রাত ৯টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

৩ লাখ টাকা চাঁদা দাবি ব্যর্থ হওয়ায় নওগাঁ জেলার  মান্দায় হামলা লুটপাট

হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় তারা শোকেসের লকার ভেঙে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী খাদেমুল ইসলাম জানান, হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে যাওয়ার আগে হামলাকারীরা তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও বলেন, হামলাকারীরা আমাকে মারধর শুরু করলে নিজের জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হই।

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতের শরণাপন্ন হয়েছি।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

এ ঘটনায় একই গ্রামের ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

SEE MORE>>>