নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণীর মৃত্যু

বড়াইগ্রামে টিকটকার তরুণীর মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে বাড়ছে রহস্য

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আফরিন জাহান (১৮) নামে এক টিকটকার তরুণীর মৃত্যু হয়েছে। তিনি টিকটক ভিডিও তৈরি করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আফরিনের সঙ্গে থাকা মোটরসাইকেলের দুই আরোহীও আহত হন। তাঁরা হলেন গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) এবং একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।

বড়াইগ্রামে টিকটকার তরুণীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ

কীভাবে ঘটল টিকটকার তরুণীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেদী ও পলক বনপাড়া পৌর শহরের ফলপট্টি এলাকা থেকে আফরিন জাহানকে মোটরসাইকেলে নিয়ে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলেন। ভোরে আগ্রান সুতিরপাড় এলাকায় পৌঁছালে কোনো এক সময় আফরিন মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। তখন একটি অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণীর মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত মেহেদী ও পলক নিজ উদ্যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

আফরিন জাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা এলাকায় বলে জানা গেছে। গত কয়েক মাস ধরে তিনি বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ডিলারের মোড় এলাকায় একাই বসবাস করছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য তাঁকে ভাড়া করে নেওয়া হতো বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেহেদীর এক বন্ধু জানান, একটি নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আফরিনকে নিয়ে আসা হয়েছিল। তবে বৃষ্টির কারণে অনুষ্ঠানটি হয়নি। এরপর সারারাত ওই তরুণী কোথায় ছিলেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে মেহেদীর ওই বন্ধু দাবি করেন, ভোরে মেহেদী ও পলকের সঙ্গে মোটরসাইকেলের পেছনের আসনে ফেরার সময় অসুস্থতাজনিত কারণে আফরিন মহাসড়কে পড়ে যান। পরে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর কারণের পাশাপাশি তিনি শারীরিকভাবে কোনো নির্যাতনের শিকার হয়েছিলেন কি না, সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যাওয়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। টিকটকার তরুণীর মৃত্যু নিয়ে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নওগাঁর রাণীনগরে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ