নওগাঁয় প্রতিবন্ধী তরুণীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের

নওগাঁয় প্রতিবন্ধী তরুণীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

নওগাঁয় প্রতিবন্ধী তরুণীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে । জেলার নিয়ামতপুর উপজেলায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মিরাজ সোনার বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযোগের ঘটনাটি উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামে ঘটেছে। শনিবার (১ আগস্ট) সকালে ভুক্তভোগীর বাবা নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাখাওয়াত হোসেন কৌশলে ডেকে নিয়ে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী তরুণীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানতে পেরে দুই পরিবারের উদ্যোগে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠিত হয়। সেই সালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ জুলাই সাখাওয়াত হোসেনের সঙ্গে ভুক্তভোগী লতা খাতুনের বিয়ে দেওয়া হয়।

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবন্ধী তরুণীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগের ঘটনা

প্রতিবন্ধী তরুণীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের পর লতা খাতুন শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে গত ৩১ জুলাই রাতে তার শ্বশুর মাবুদ আলী, শাশুড়ি সাইফা বেগম, কাদের আলী ও সোরাফ হোসেন জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে ওষুধ খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে।

এরপর একই রাতে সাখাওয়াত হোসেন লতা খাতুনকে তার বাবার বাড়িতে রেখে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর গর্ভপাত ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরিবার দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভুক্তভোগী লতা খাতুনের বাবা মিরাজ সোনার বলেন, “আমার বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েকে নির্যাতন করা হয়েছে। পরে তার গর্ভের সন্তানও নষ্ট করে দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩