নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সাখাওয়াত হোসেনের হাসপাতাল পরিদর্শন

বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে চাই না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সাখাওয়াত হোসেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার (২৩ আগস্ট) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের কোনো মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখতে চায় না সরকার।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের শয্যা, রান্নাঘর, বাথরুম ও ওষুধের সরবরাহ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান এবং চিকিৎসক-নার্সদের আচরণ সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শন শেষে সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ডা. সাখাওয়াত হোসেন বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং সাধারণ মানুষ আগের তুলনায় ভালো চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন।

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী, রোগীদের খাবার ও ডায়ালিসিস সেবা নিয়ে নতুন পরিকল্পনা

তবে পরিদর্শনের সময় কিছু অনিয়মও নজরে আসে মন্ত্রীর। স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও একজন রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করার ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে সতর্ক করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন। এছাড়া নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে কর্মস্থলে আসায় চিকিৎসক ডা. দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন মন্ত্রী।

হাসপাতালের খাবারের মান উন্নয়নের বিষয়ে ডা. সাখাওয়াত হোসেন জানান, ২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার খাবারের বরাদ্দ থাকার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

মহাদেবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

ডায়ালিসিস সেবা সম্প্রসারণের ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নওগাঁ জেলা হাসপাতালে ১০টি এবং টারশিয়ারি পর্যায়ে ৫০টি ডায়ালাইসিস মেশিন দ্রুত স্থাপনের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এছাড়া নওগাঁয় ৯ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিশেষায়িত বেড, আধুনিক প্যাথলজি ল্যাব ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্সহীন ও অনিয়মের দায়ে ক্লিনিকগুলোর বিরুদ্ধে দেশজুড়ে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে। দেশের পুরো স্বাস্থ্য খাতকে আধুনিক ও সুশৃঙ্খল করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে চিকিৎসাসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখা হয়। একই সঙ্গে হাসপাতালের অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি খাবার, ডায়ালিসিস ও অবকাঠামোগত উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

পরিদর্শনকালে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।