নওগাঁয় জহির রায়হান সম্মাননা-২০২৬ গ্রহণ করছেন সাংবাদিক সাদেকুল ইসলাম

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, নওগাঁয় সম্মানিত সাদেকুল ইসলাম

 

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ ও দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি এবং ভাষাসংগ্রামী ডা. মঞ্জুর হোসেন স্মৃতি পদক পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁর নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম। নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

নওগাঁর সাংস্কৃতিক সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। গত শুক্র ও শনিবার শহরের মুক্তির মোড়ে ২৪টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে সম্মাননা পেলেন যারা

অনুষ্ঠানে নারী ব্যবসায়ী উদ্যোক্তা ফারিনা হায়দার সাংবাদিক সাদেকুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন। পরে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভাষাসংগ্রামী ডা. আমজাদ হোসেন তরফদারের ছেলে ও নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল করিম তরফদার এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উপদেষ্টা ও সমাজসেবী মৌদুদুর রহমান কল্লোল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী, চলচ্চিত্র গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু, কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে তপু রায়হান, দেশবরেণ্য চলচ্চিত্র সাংবাদিক, লেখক ও নজরুল গবেষক অনুপম হায়াৎ এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সদস্য সচিব রহমান রায়হান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাদেকুল ইসলাম বলেন, ‘যেকোনো সম্মাননা পদক পাওয়া আনন্দের ও গর্বের। কর্মক্ষেত্রে এই সম্মাননা পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও দেশসেবায় আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।’

জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন

নওগাঁয় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ধামাচাপার চেষ্টার অভিযোগ

জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সদস্য সচিব রহমান রায়হান জানান, সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা, সংগঠক, ক্রীড়া, সাহিত্য, আন্দোলন-সংগ্রাম, কালোত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার বন্ধু ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একাধিক স্মৃতি পদকও প্রদান করা হয়। এর মধ্যে চিকিৎসায় ভাষাসংগ্রামী ডা. আমজাদ হোসেন স্মৃতি পদক পেয়েছেন ডা. মুনীর আলী আকন্দ।

সংস্কৃতিতে ভাষাসংগ্রামী মোমিনুল হক ভুটি স্মৃতি পদক পেয়েছেন শিল্পী রতন সাহা রঘু। ক্রীড়ায় ভাষাসংগ্রামী এম সলিমুল্লাহ খান স্মৃতি পদক পেয়েছেন ক্রীড়াবিদ মো. মোসাদ্দেক হোসেন।

শিক্ষায় ভাষাসংগ্রামী নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক। সংগঠক হিসেবে ভাষাসংগ্রামী এম এ রকিব স্মৃতি পদক পেয়েছেন নাট্যজন মো. খাদেমুল ইসলাম।

সাহিত্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার মকবুল হোসেন স্মৃতি পদক পেয়েছেন কথাসাহিত্যিক রবিউল করিম। আন্দোলন-সংগ্রামে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল স্মৃতি পদক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ এফ এম নুরুজ্জামান নান্টু।

এ ছাড়া সমাজসেবায় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব স্মৃতি পদক পেয়েছেন সমাজসেবক মনোয়ার হোসেন লিটন।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজের স্বীকৃতি দেওয়া হয়। এর অংশ হিসেবেই সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁর নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম।