বদলগাছীতে খালে ডুবে গৃহবধূর মৃত্যু, অবৈধ বালু উত্তোলন নিয়ে ক্ষোভ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালিকাবাড়ি গুচ্ছগ্রামে খালে ডুবে গৃহবধূর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।Thank you for reading this post, don't forget to subscribe! স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালে অবৈধ বালু উত্তোলনের কারণে এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিনতি পাহান বাড়ির পাশের খালে হাঁস আনতে গেলে হঠাৎ পানিতে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান। মুহূর্তেই তিনি নিখোঁজ হয়ে পড়েন। ঘটনাটি প্রত্যক্ষ করেন তার ১১ বছর বয়সী ছেলে দুর্জয়। মাকে পানিতে ডুবে যেতে দেখে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা দীর্ঘ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার (৩ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে খাল থেকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে। তিনি একই গ্রামের ভুলু পাহানের স্ত্রী ছিলেন। এ ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালে ডুবে গৃহবধূর মৃত্যু,রাজনৈতিক প্রভাবের কারণে বালু উত্তোলন বন্ধ না হওয়ার দাবি স্থানীয়দের অভিযোগ, গুচ্ছগ্রামের পাশের খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে খালটি অস্বাভাবিকভাবে গভীর হয়ে পড়েছে, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন তারা। স্থানীয়রা জানান, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কিছু প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তাদের অভিযোগ। গুচ্ছগ্রামের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন, “বালু উত্তোলনের কারণে খালটি ভয়াবহভাবে গভীর হয়ে গেছে। বাধা দিলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পুরো গুচ্ছগ্রাম ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, খাল পুনরুদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। SEE MORE>>> Post navigation পত্নীতলায় কৃষকের ২ বিঘা ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, মানববন্ধন নওগাঁ শহরে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ