নওগাঁর বদলগাছীতে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পার্টনার কংগ্রেস , যেখানে কৃষি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ এবং অংশগ্রহণমূলক আলোচনা। অনুষ্ঠানের প্রবেশমুখে স্থাপন করা হয় বিভিন্ন তথ্যভিত্তিক স্টল। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করা হয়। আগত দর্শনার্থীরা স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তা ধারণা নিয়ে আগ্রহ দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, একই সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রামীণ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বদলগাছীতে পার্টনার কংগ্রেস,উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে উঠে আসে কৃষির নতুন চ্যালেঞ্জ। তিনি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। এছাড়াও বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রুহুল আমিন, বিএনপি নেতা জাকির হোসেন চৌধুরী, শিক্ষার্থীদের প্রতিনিধি মোছাঃ মোহসিনা এবং মোঃ হানিফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্প্রসারণ কৃষিকর্মকর্তা সজল সরকার এবং উপসহকারী কৃষিকর্মকর্তা আলমগীর হোসেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর জোর দিতে হবে। মেলায় অংশ নেওয়া ৮টি স্টল ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেক কৃষক নতুন প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং তা বাস্তবে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SEE MORE>>> Post navigation নওগাঁর মহাদেবপুরে স্কুলছাত্রী অপহরণ: এক মাসেও মেলেনি সাফি নাহারের খোঁজ রাজশাহীতে ভুয়া মেডিকেল নথি ব্যবহার করে মামলা দায়েরের অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন