রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন, পুড়ল ২ লাখ টাকার মালামাল

রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন, ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত

 

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

কে দিচ্ছে বারবার আগুন? রাণীনগরে প্রবাসীর বাড়িতে ফের অগ্নিকাণ্ড!

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন বাড়ির বেশ কিছু পাইপও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও প্রায় দেড় বছর আগে একই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুনে পুড়ে যাওয়া মালামাল

রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন, পাশাপাশি নির্মাণাধীন বাড়ির পাইপ ভাঙচুরের অভিযোগ

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, এক সপ্তাহ আগে তিনি বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। বুধবার গভীর রাতে মোবাইল ফোনে বাড়িতে আগুন লাগার খবর পান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শারমিন আক্তার বলেন, প্রকাশ্যে কারও সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই। এরপরও কে বা কারা শত্রুতা করে বারবার বাড়িতে আগুন দিচ্ছে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

আরও পড়ুন

নিয়ামতপুরে এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু

তার ধারণা, ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আগুন দেওয়ার পাশাপাশি বাড়ির কিছুটা দূরে থাকা নির্মাণাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াশরুমের কয়েকটি পাইপও ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন তিনি।

শারমিন আক্তার আরও জানান, প্রায় দেড় বছর আগেও কে বা কারা তাদের বাড়িতে আগুন দিয়েছিল। ওই ঘটনায় নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে গিয়েছিল।

বারবার একই বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শারমিন আক্তার।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।