নওগাঁর মান্দায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষককে দীর্ঘদিন ধরে হুমকি, কুপ্রস্তাব এবং হেনস্তার অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া ওই নারী শিক্ষককে বিভিন্ন অজুহাতে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক পরবর্তীতে আবারও একই ধরনের আচরণ চালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ১০ জুন নবম শ্রেণির ক্লাসে যাওয়ার পথে বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলার বারান্দায় শিক্ষার্থীদের সামনে তার পথরোধ করে তাকে হেনস্তা করা হয়।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর অভিযোগে আরও বলা হয়, গত বুধবার (১৭ জুন) বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষক তাকে জুতাপেটা করার চেষ্টা করেন।

তবে অন্য শিক্ষকদের হস্তক্ষেপে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

 সহকারী শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

সহকারী শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ ,প্রশাসনের তদন্ত ও আইনগত ব্যবস্থা

এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, থানায় অভিযোগ করার পর থেকে তাকে মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে সরে পড়েন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, প্রতিষ্ঠান পর্যায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল,

তবে অভিযুক্ত শিক্ষক তাতে সাড়া না দেওয়ায় বিষয়টি প্রশাসনের কাছে নেওয়া হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

SEE MORE>>>