মসজিদে দোকান নির্মাণের অভিযোগ

রাজশাহীতে আদালতের আদেশ অমান্য করে মসজিদে দোকান নির্মাণের অভিযোগ

রাজশাহীর নগরীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আদালতের স্থিতাবস্থা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশনা উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নির্মাণকাজ বন্ধ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মসজিদে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

মসজিদে দোকান নির্মাণের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আমিনুর রহমান বাচ্চু। তিনি নিজেকে চলমান মামলাগুলোর বাদী ও এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আদালতের স্থিতাবস্থা এবং আরডিএর নির্দেশনা উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান, টয়লেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে একাধিক দেওয়ানি, ফৌজদারি ও ভায়োলেশন মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।

তার দাবি, আরডিএর অনুমোদিত নকশা অনুযায়ী বেজমেন্টটি পার্কিং হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে ২২ থেকে ২৩টি দোকান নির্মাণ করে বিক্রির চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকানগুলো সিলগালা করা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান বাচ্চু বলেন, তারা কোনো সংঘাত চান না; আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের একমাত্র দাবি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসজিদের খতিব আবুল কালাম আজাদ এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। বর্তমান কমিটির সভাপতি ডা. আব্দুর রশিদ এবং সাবেক সভাপতি ডা. ইকবাল বারীও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় ভবনটির নকশার অনুমোদন দেওয়া হয়নি।

ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোরিকশা ছিনতাই