চারমাথা বাস টার্মিনাল আধুনিকায়নে ৪ কোটি টাকার পরিকল্পনা, ঘোষণা প্রতিমন্ত্রীর বগুড়ার গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র চারমাথা বাস টার্মিনাল আধুনিকায়ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। শ্রমিকদের কল্যাণ, পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টায় চারমাথা বাস টার্মিনাল এলাকায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও শহর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. হামিদ মিটুল। শ্রমিকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে পুরোনো অবস্থায় থাকা চারমাথা বাস টার্মিনাল আধুনিকায়ন এখন সময়ের দাবি। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালকে নতুন রূপ দেওয়া হবে। এতে শ্রমিকদের জন্য উন্নত ও বাসযোগ্য পরিবেশ, যাত্রীদের জন্য সুশৃঙ্খল সুবিধা এবং পরিবহন মালিকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে লিখিত প্রস্তাব জমা দিতে হবে, যাতে প্রকল্পের প্রাক্কলন দ্রুত প্রস্তুত করা যায়। চারমাথা বাস টার্মিনাল আধুনিকায়ন উন্নয়ন প্রকল্পে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতার কথা জানালেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, বগুড়া একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানে উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। শ্রমিকদের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে ২০২০ ও ২০২১ সালে মৃত্যুবরণ করা ২০ জন শ্রমিকের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই ঘোষণার মাধ্যমে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালকে একটি আধুনিক ও সুবিধাসম্পন্ন পরিবহন হাবে রূপান্তরের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SEE MORE>>> Post navigation বগুড়ার চরাঞ্চলে শুকনা মরিচ চাষে বাম্পার ফলন, কৃষিতে নতুন সম্ভাবনা নওগাঁয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিন আলী পিন্টুকে একুশে পরিষদের বিশেষ সম্মাননা