ডিএনএ টেস্টে নির্দোষ ইমাম মোজাফফর, অভিযুক্ত আপন ভাই ফেনীর পরশুরাম উপজেলায় আলোচিত ধর্ষণ মামলায় অবশেষে ডিএনএ রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেন ইমাম মোজাফফর ।Thank you for reading this post, don't forget to subscribe! দীর্ঘ এক মাস দুই দিন কারাভোগ, সামাজিক অপমান এবং আর্থিক ক্ষতির পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ভুক্তভোগী কিশোরীর সন্তানের জৈবিক পিতা তারই সহোদর বড় ভাই মোরশেদ। ঘটনাটি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৪ নভেম্বর কিশোরীর পরিবার স্থানীয় মক্তব শিক্ষক ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। অভিযোগ দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি চাকরি হারান। পরে আদালতে মামলা করতে গেলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। প্রায় এক মাস দুই দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। ডিএনএ রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেন ইমাম আর্থিক ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবি তদন্ত চলাকালে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে মোজাফফরের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, নবজাতক শিশুর সঙ্গে তার কোনো জৈবিক মিল নেই। এরপর তদন্তকারীরা নতুন করে অনুসন্ধান শুরু করলে একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী স্বীকার করে যে, তার বড় ভাই মোরশেদ দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিল। পরে পুলিশ মোরশেদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে কিশোরী, নবজাতক শিশু এবং মোরশেদের ডিএনএ পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এরপর আদালতে দাখিল করা অভিযোগপত্র থেকে ইমাম মোজাফফরের নাম বাদ দেওয়া হয় এবং মোরশেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়। নির্দোষ প্রমাণিত হওয়ার পর ইমাম মোজাফফর আহমদ বলেন, এই ঘটনার কারণে তিনি মানসিক, সামাজিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছেন। চাকরি হারানোর পাশাপাশি মামলার খরচ চালাতে বসতভিটাও বিক্রি করতে হয়েছে। তিনি প্রকৃত দোষীদের বিচার এবং সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। এদিকে স্থানীয় আলেম সমাজ ও সচেতন মহল বলছে, যাচাই-বাছাই ছাড়া কাউকে অভিযুক্ত করলে একজন নিরপরাধ মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই সংবেদনশীল মামলায় তদন্তের আগে সামাজিক বিচার ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। SEE MORE>>> Post navigation রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় সিগারেটকে কেন্দ্র করে সিনিয়র–জুনিয়র সংঘর্ষ, আটক ১ নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল অনুষ্ঠিত, বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন একাধিক উপজেলা