মান্দায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

ঘরে ঘুমিয়ে ছিলেন মা, রাতেই ভাঙচুর করা হলো মেয়ের বসতবাড়ি

 

Thank you for reading this post, don't forget to subscribe!

জমি নিয়ে বিরোধের জেরে  নওগাঁর মান্দায় বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর রাতে উপজেলার চক কুসুম্বা গ্রামের কুসুম্বা মোড়সংলগ্ন সিএন্ডবি সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন জোসনার মা রবিজান। ভাঙচুরের পাশাপাশি বাড়ির সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জোসনা বেগম চক কুসুম্বা গ্রামের মকবুল হোসেনের মেয়ে। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। সর্বশেষ রাতে তাঁর বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন তিনি। পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

জমি কেনা নিয়ে বিরোধের সূত্রপাত, মান্দায় বাড়ি ভাঙচুরের অভিযোগ

জোসনার দাবি, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ১৫১৯ নম্বর দলিলমূলে চক কুসুম্বা মৌজার আরএস ২০৯ নম্বর খতিয়ানের ১০৩ নম্বর দাগে থাকা ২ একর ১৮ ডেসিমেল জমির অংশ থেকে ০.১৬৫ সহস্রাংশ জমি কেনেন তিনি। জমিটির মূল মালিক ছিলেন মোনিনী মোহন মহন্ত। তাঁর নাতি প্রশান্ত কুমার জমিটি বিক্রি করেন।

জোসনা জানান, দলিলের বিবরণীতে উল্লেখ ছিল, গ্রহীতা সিএন্ডবির সরকারি জমি ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে দাতা প্রশান্ত কুমারের কোনো ওয়ারিশ আপত্তি করতে পারবেন না। আপত্তি করলেও তা অগ্রাহ্য বলে গণ্য হবে। দলিল সম্পাদনের পর তিনি জমিটি বুঝে নেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, জমিটি বিক্রির আগে প্রশান্ত কুমার ইটভাটা মালিক আনিছুরের কাছে ভাটার কাজে ব্যবহারের জন্য লিজ দিয়েছিলেন। জমি কেনার পরও ইটভাটার মালিক তাঁকে ভাড়া দিতেন।

একই দিন ওই জমির পাশে চার কাঠা জমি জোসনার বড় ভাই বুলবুলের কাছেও প্রশান্ত কুমার ও হিরেন্দ্রনাথ বিক্রি করেন বলে জানান তিনি।

মান্দার চক কুসুম্বা গ্রামে বসতবাড়ি ভাঙচুরের ঘটনা

বায়নার টাকা ফেরত দেওয়ার পর বিরোধ, মান্দায় বাড়ি ভাঙচুরের অভিযোগ

জোসনার অভিযোগ, জমি কেনার প্রায় এক বছর পর দখলকৃত জমির পেছনে আরও এক কাঠা জমি বিক্রির কথা বলে প্রশান্ত কুমার তাঁর ভাই বুলবুলের কাছ থেকে মৌখিক বায়না হিসেবে ৪০ হাজার টাকা নেন। তবে পাঁচ বছরেও জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি।

পরে একই দাগে কুসুম্বা বাউইপাড়া গ্রামের আলমগীর হোসাইনের কাছে সাত শতক জমি বিক্রি করেন প্রশান্ত। এরপর বায়নার ৪০ হাজার টাকা বুলবুলকে ফেরত দেওয়া হলে তিনি ওই জমির দখল ছেড়ে দেন।

জোসনার দাবি, এরপর থেকেই জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত। তাঁর দখলে থাকা জমিতে লাগানো খেজুর, কলা, মেহগনি, আম, কাঁঠাল ও কদমগাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেন। একই সঙ্গে সিএন্ডবি সড়কসংলগ্ন জমি ভরাটের চেষ্টাও করা হয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

জোসনা জানান, পরে জমিতে টিনের বেড়া দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করেন তিনি। তাঁর অভিযোগ, ওই ঘর ভেঙে ফেলার পাশাপাশি তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ করেন। এরপর জমিতে বসবাসের জন্য ইট দিয়ে স্থায়ী বাড়ি নির্মাণ করেন।

তবে সর্বশেষ গত ২০ নভেম্বর রাতে আলমগীর হোসাইনের ভাড়াটিয়া লোকজন বাড়িটি ভেঙে ফেলেছেন বলে অভিযোগ করেন জোসনা। তাঁর ভাষ্য, বাড়ির টিনের বেড়া কেটে ও ভেঙে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে সিসি ক্যামেরা ও বিদ্যুতের সংযোগ। ওই সময় তাঁর মা রবিজান বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশ শ্রম খাত সংস্কার নিয়ে নতুন যাত্রা শুরু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জোসনার আরও অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাঁদের জমি বিক্রি করে দিতে অথবা জমির দখল ছেড়ে বড় ভাই বুলবুলের জমির পেছনে চলে যেতে চাপ দিচ্ছেন। তাঁদের দাবি না মানায় বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।

এদিকে আলমগীর হোসাইন গত ৫ মে ২০২৬ তারিখে ওই ১০৩ নম্বর দাগে প্রণব কুমারের কাছ থেকে ১৪ শতক এবং প্রশান্ত কুমারের কাছ থেকে ৭ শতক জমি কেনেন। সেখানে তিনি ইটের বাউন্ডারি নির্মাণ করেছেন।

মান্দায় বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসাইন বলেন, জোসনা ২০২০ সালে জমি কেনার পর থেকে তিনি ও তাঁর ভাই যৌথভাবে জমিটি দখলে ছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁর দখলকৃত জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে। এসব বিষয় নিয়ে একাধিকবার থানায় এবং যুবদল নেতা ওবাইদুর রহমানের চেম্বারে সালিশ-বৈঠক হয়েছে। তবে জোসনা কারও বিচার মানেন না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।