লটারিতে খাদ্যগুদামের কর্মকর্তা বদলি আদেশ

বদলি-বাণিজ্য ঠেকাতে রাজশাহী খাদ্য বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ

 

Thank you for reading this post, don't forget to subscribe!

সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলি-বাণিজ্য ও তদবির ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই এবং লটারিতে খাদ্যগুদামের কর্মকর্তা বদলি করা হচ্ছে।

এই পদ্ধতির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী বিভাগের বিভিন্ন খাদ্যগুদামে দায়িত্ব পালনের জন্য ৯ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী স্বাক্ষরিত এক আদেশে লটারির মাধ্যমে তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই পদ্ধতি বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে তদবির ও সুপারিশের প্রভাব কমিয়ে যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি করবে।

লটারিতে খাদ্যগুদামের কর্মকর্তা বদলি, নওগাঁর তিন খাদ্যগুদামেও নতুন কর্মকর্তা

বদলি হওয়া ৯ কর্মকর্তার মধ্যে নওগাঁ জেলার তিনটি খাদ্যগুদামে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

নওগাঁর মান্দা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানকে পোরশা উপজেলার নীতপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে। অন্যদিকে রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

বাকি ছয় কর্মকর্তার মধ্যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে থাকা রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে। নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি খাদ্যগুদামে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বদলি প্রক্রিয়া

সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদামে এবং নাটোরের লালপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেনকে পাবনার ফরিদপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে।

এ ছাড়া পাবনার সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে একই জেলার চাটমোহর খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানমকে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

লটারির মাধ্যমে নতুন কর্মস্থল পাওয়া কর্মকর্তারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, সুপারিশ বা তদবিরের সুযোগ না থাকায় যোগ্য কর্মকর্তাদের মধ্যে সমান সুযোগ তৈরি হয়েছে।

নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলী বলেন, লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কোনো ধরনের সুপারিশ কিংবা তদবির ছাড়াই বদলি করা হচ্ছে। এতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান।

লটারিতে খাদ্যগুদামের কর্মকর্তা বদলি, সন্তুষ্ট কর্মকর্তারা

নওগাঁর আত্রাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন পাওয়া এস এম মিজানুর রহমান বলেন, লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই তিনি দায়িত্ব পেয়েছেন। নতুন এ পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন।

রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামে এর আগেও নতুন পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন বা বদলি করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এ উদ্যোগ নেন এস এম কায়ছার আলী। পরে গত ৮ অক্টোবর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

নওগাঁর মান্দায় লাইসেন্স না থাকায় জ্বালানি তেলের প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বদলি প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে একটি মূল্যায়নকারী কমিটিও গঠন করা হয়। অনলাইন আবেদন ও যোগ্যতা যাচাইয়ের পর লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের পদ্ধতি চালু করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, কোনো ধরনের তদবির বা সুপারিশ ছাড়া লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা। সারা দেশে এ ধরনের বদলি প্রক্রিয়া চালুর জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। অচিরেই সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, লটারিতে খাদ্যগুদামের কর্মকর্তা বদলি প্রক্রিয়া শুরু করার কারণে তিনি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। একটি মহল তদবির করতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন। তবে চাপের মধ্যেও এ প্রক্রিয়া চালু রাখতে চান তিনি।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের যে পদ্ধতি শুরু হয়েছে, সেটি সারা দেশে চালুর প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে।